নাগ
নাগ [ nāga ] বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। নাগকেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। নাগগর্ভ বি. সিঁদূর। নাগদন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। নাগপঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। নাগপাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। নাগপুষ্প বি. নাগকেশর ফুল। নাগফণী বি. ফণীমনসার গাছ, cactus. নাগমাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। নাগরাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2ঐরাবত। নাগলোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্টনাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ।